এইমাত্র পাওয়া

চূড়ান্তভাবে ৭ কলেজের অধিভুক্তি বাতিল

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত চলতি বছরের পঞ্চম সিন্ডিকেট সভায় পৃথকীকরণের এ অনুমোদন দেওয়া হয়। এদিন বিকেল ৫টায় শুরু হওয়া সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক পৃথকীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, পৃথকীকরণের পর সাত কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসব কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, তাহলে ঢাবি কর্তৃপক্ষ সে দায়িত্বশীলতা বজায় রাখবে।

সাত কলেজের পৃথকীকরণের সিদ্ধান্তের কথা জানিয়ে রেজিস্ট্রার বলেন, সাত কলেজ বিষয়ে বুধবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের যে পর্যালোচনা হয়েছে, সেটাই আজকের সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। আজকের সিদ্ধান্ত লিপিবদ্ধ আকারে আমরা অফিশিয়ালি জানাবো। আজকের এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) পাঠানো হবে।

গত ২৫ ফেব্রুয়ারি ‘সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাময়িক ব্যবস্থাসংক্রান্ত’ শিরোনামে অন্তর্বর্তী প্রশাসনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইউজিসি। এরপর গত ২ মার্চ ইউজিসির এ সুপারিশপত্রে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেয়।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানকে ইউজিসির সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায় মন্ত্রণালয়।

২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) নামে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। গত ১৬ মার্চ নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে ইউজিসি। ইতিমধ্যে ইউজিসির প্রস্তাবিত নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সাত কলেজ চলবে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে। চলতি মাসের শেষের দিকে ঘোষণা হবে এ প্রশাসনের কাঠামো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৪/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.