বগুড়ায় জাল সনদে চাকরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বগুড়াঃ বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সোমবার থেকে তদন্ত শুরু করেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।

২০২৩ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি দেখে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের হাবিবা সুলতানা আবেদন করেছিলেন। সকল যোগ্যতা থাকার পরেও তাঁর ভাগ্যে চাকরি জোটেনি।

হাবিবার অভিযোগ, জান্নাতুল ফেরদৌস মিম এইচএসসি পাস। বিএসসির (অনার্স) ভুয়া সনদ জমা দিয়ে চাকরি নিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার থেকে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ তদন্ত শুরু করেছেন। শিক্ষক জান্নাতুল ফেরদৌসী মিম বলেন, ‘শত্রুতা করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, দুই মাস হলো দায়িত্ব নিয়েছি। খণ্ডকালীন শিক্ষক নিয়োগ বিষয়ে কিছুই জানি না। তবে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমের নিয়োগসংক্রান্ত বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করছেন। তিনি সরেজমিনে বিদ্যালয়ে এসে নিয়োগসংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে গেছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের নিয়োগসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে প্রতিবেদন গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.