স্কুল থেকে ফেরার পথে সড়ক দু-র্ঘ-ট-নায় প্রধান শিক্ষকের মৃ-ত্যু

ফরিদপুরঃ স্কুল থেকে ফেরার পথে থ্রি হুইলার মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চৌরঙ্গীর মোড় কুজুরদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম নগরকান্দার আজলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল্লাহ আল আজাদের স্ত্রী। তাদের বাড়ি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাঈনুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে মাহিন্দ্র গাড়িযোগে ফরিদপুর শহরের বাসায় ফিরছিলেন শিক্ষক আসমা বেগম। পথে চৌরঙ্গীর মোড় এলাকার তাকে বহনকারী মাহিন্দ্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর হন আসমা।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাহিন্দ্রের আরো চার যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.