এইমাত্র পাওয়া

নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন পরিচালক ডা. গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। তিনি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে (৪১৩৪৭) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) বদলি/পদায়ন করা হলো।’

তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে চিকিৎসকদের আন্দোলনের মুখে নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক কাজী দীন মোহাম্মদ।

তিনি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী শাসনামলে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলেও দফায় দফায় তাকে চুক্তিভিত্তিতে রাখা হয়।

গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাঁকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এই আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাঁদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ উঠে। এর প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.