ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোট। জোটের পক্ষ থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফায় বলা হয়, পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এমপিও থেকে নাম কর্তন না করে বেতন-ভাতাদি চালু রাখতে গত ১৪ ও ২০ জানুয়ারি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি বাতিল ঘোষণা করতে হবে।
তাদের স্বপদে বহাল করে কর্মস্থলের নিরাপত্তা বিধান করতে হবে। অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বার্থলোভী ও শৃঙ্খলাভঙ্গকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের সমমানের এমপিওভুক্ত স্কুলে শূন্যপদে বদলির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, গত ৫ আগস্টের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের অপমান, অপদস্ত, হেনস্তা ও মারধর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে বাধাগ্রস্ত ও প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।
প্রায় তিন হাজার শিক্ষক পদবঞ্চিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এই হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে রক্ষা পেতে সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
