নায়েমের নতুন ডিজি অধ্যাপক জুলফিকার হায়দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জুলফিকার হায়দারকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) পদায়নের বিষয়টি প্রকাশ করে মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম  স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মো. জুলফিকার হায়দারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে জাতীয় শিক্ষা ব্যবস্থা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

মহাপরিচালক পদে তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পদের সঙ্গে সংযুক্ত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।

এছাড়া সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন। স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বিমা ও অন্যান্য তহবিলে চাঁদা দেবেন।

এদিকে একই দিনে পৃথক প্রজ্ঞাপনে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপ-পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক মো. আবু সাঈদ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০২/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.