ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীতে শনিরআখড়ায় মিনহাজুল ইসলাম মিনহাজ হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দনিয়া কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সড়কে অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রথমে তারা মানববন্ধন করেন, পরে তারা সড়ক বসে অবরোধ কর্মসূচি শুরু করেছেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে শনিরআখড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দনিয়া কলেজের সামনে মিনহাজুলকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার সোনারাপুর গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম। কদমতলী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সাথে থাকতেন।
নিহতের পরিচিত তানজিল হোসেন জানান, মিনহাজ দনিয়া কলেজের সাবেক ছাত্র। বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন তিনি। মিনহাজের বাবা রফিকুল ইসলাম মহানগর দক্ষিণ ওলামাদলের সাধারণ সম্পাদক।
তিনি আরও জানান, নুরপুর এলাকার মাহফুজ, শাওন, সাইফুল, সোহান, সৌরভ এরাও দনিয়া কলেজে পড়তেন। এরমধ্যে সাইফুল ও সোহান ছাত্রলীগের রাজনীতি করতেন। মিনহাজ ছাত্রদলের সমর্থক ছিলেন। এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে মিনহাজের দ্বন্দ্ব ছিল। জুলাইয়ের ছাত্র আন্দোলনের সঙ্গে মিনহাজও সক্রিয় ছিলেন।
এরআগে মাহফুজসহ কয়েকজন তানজিলকে গলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন। এরপর দনিয়া কলেজের সামনে মিনহাজকে একা পেয়ে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে দ্রুত মিনহাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
