আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে: বেরোবি উপাচার্য

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, জুলাই বিপ্লবে বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় উপচার্য বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রথম থেকেই পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছি। এরই প্রেক্ষিতে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার লক্ষে ৩৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করেন।

আহত শিক্ষার্থীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়ায় রংপুর মেডিক্যাল কলেজের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

দ্বিতীয় দিনে বেরোবির আহত শিক্ষার্থীরা তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা রংপুর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে উপস্থাপন করেন।

রংপুর মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম বলেন, রংপুর মেডিক্যাল কলেজে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহযোগিতা ও পরামর্শ দিতে পেরে আমরা ধন্য। তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষে গঠিত মেডিক্যাল বোর্ড ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিন বিভিন্ন আহত শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, বেরোবি মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. এএম শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.