এইমাত্র পাওয়া

সামাজিক ও আচরণগত পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসির

ঢাকাঃ সামাজিক ও আচরণগত পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে ব্র্যাক সিডিএমে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ‘সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সামাজিক ও আচরণগত পরিবর্তনের (এসবিসি) বিষয়ে আরও বেশি গবেষণা পরিচালনার জন্য তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও গবেষকদের তাগিদ দিয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) ও ইউজিসি একটি যৌথ অংশীদারত্বের আওতায় দুই দিনের এ প্রশিক্ষণের আয়োজন করেছে। ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীন, ইউনিসেফের এসবিসি সেকশনের প্রধান ব্রিজেট জব-জনসন ও একই প্রতিষ্ঠানের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান বক্তব্য দেন।

আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তনে সৃষ্ট সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা জরুরি। এ ছাড়া নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

জেসমিন পারভীন বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণবিজ্ঞান নিয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্পমেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা যেতে পারে। এ ছাড়া এ কর্মসূচির অধীন শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

ব্রিজেট জব-জনসন বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তনে সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। এ বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান ও যোগাযোগ দক্ষতা দিয়ে তাঁরা সমাজ ও জনসাধারণের আচরণ পরিবর্তন করতে পারেন।

ইউজিসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। এ ছাড়া আইসিডির সিনিয়র সহকারী পরিচালক খন্দকার সাবাহাত রিজভীসহ ইউজিসি ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading