মেডিকেল ভর্তির আবেদন সোয়া লাখ, সময় বাড়ানো হবে না

ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদনের জন্য আর তিনদিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ পর্যন্ত সোয়া এক লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আর সময় বাড়ানো হবে না। গত ১০ ডিসেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বলেন, এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৫৭ জন আবেদন করেছেন। এ সময় আর বাড়ানোর সম্ভাবনা নেই। এমন কোনও আলোচনাও হয়নি।

এর আগে তিনি জানান, মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.