নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) হয়েছে। গাড়ি চালানোর সময় তিন আসামি মদ্যপ ছিলেন কি না, তা জানতে আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁদের ডোপ টেস্ট করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে আছেন প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী। তাঁদের গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে সকালে নারায়ণগঞ্জের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আসামিরা তিনজনই মদ্যপ ছিলেন বলে আমাদের ধারণা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সে কথা স্বীকারও করেছেন। আদালতে প্রমাণের জন্য তাঁদের ডোপ টেস্ট করা হবে।’ ধাক্কা দেওয়া গাড়িটির চালক মুবিন আল মামুনের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘ঘটনার পর আমরা চালকের কাছে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছিলাম। চালক সেগুলোও দেখাতে পারেননি। গাড়ির কাগজপত্র এবং সেই ছেলের নামে গাড়ি চালানোর লাইসেন্স করা আছে কি না, তা আমরা তদন্তে খতিয়ে দেখব।’
দুপুরে ডোপ টেস্টের পর বেলা সাড়ে তিনটার দিকে তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে রাত তিনটার দিকে পূর্বাচল ৩০০ ফুটের নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশের একটি তল্লাশিচৌকিতে একটি প্রাইভেট কার সজোর ধাক্কা দেয়। এ সময় তল্লাশিচৌকিতে দাঁড়ানো বুয়েটের তিন মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। আহত হন মুহতাসিমের দুই সহপাঠী মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। ঘটনাস্থল থেকেই গাড়িচালকসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় মুহতাসিমের বাবার করা একটি মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
