রাজশাহীঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নের জন্য জেলা পর্যায়ে কলেজ মনিটরিং টিম গঠন করা হবে”।
গত বৃহস্পতিবার রাজশাহী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) এর ৩য় ব্যাচের ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, “এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শিক্ষার গুনগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই।” তিনি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪—২৫ শিক্ষাবর্ষ হবে পরীক্ষার বর্ষ ও সংস্কারের বর্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার তার সবই আমরা করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের ৩য় ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ এর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।
আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩টি সরকারি এবং ১৭টি বেসরকারি কলেজের ২৮ জন পুরুষ এবং ১২ জন মহিলা পাঠদানকারী শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পাঁচ দিনের এই প্রশিক্ষণে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিম মোঃ মেজবাহুল হক এবং সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান শহীদ আনসারী রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট তুলে দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার ওই তথ্য জানানো হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
