এইমাত্র পাওয়া

চবির ৯ শিক্ষার্থী আন্তর্জাতিক গোল্ড অ্যাওয়ার্ড পেলেন

চট্টগ্রামঃ সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থীকে ‘দ্য ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। দ্যা ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পদক দেয়া হয়। সাধারণত এই অ্যাওয়ার্ডে তিনটা পার্ট থাকে। স্কিল, ভলেন্টারি আর ফিজিক্যাল রিক্রিয়েশন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে হাই কমিশনার নিজে উপস্থিত ছিলেন এবং নিজ হাতে শিক্ষার্থীর অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট প্রদান করেন।

অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট প্রাপ্ত চবি শিক্ষার্থীরা হলেন কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, ইতমিনান মনির বাসিলিস, সাজেদা আক্তার সাথী, নাদিম মাহমুদ সতেজ, ইকরাম ওয়াহিদ তোহা, নাজমুল হাসান ইসহাক, খুর্শিদা জাহান সুমা, মোঃ আব্দুল আলিম এবং মো. মাহমুদুল হাসান।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ” দ্যা ডিউক অফ এডিনবরা অ্যাওয়ার্ড প্রাপ্ত তরুণ-তরুণীরা সীমা ছাড়িয়ে এবং নিজেদের পরিশ্রমের মাধ্যমে নিজেদের নতুন দক্ষতা অর্জন এবং সমাজের মাঝে নিজেদের নিয়োজিত করতে পেরেছে। এই অর্জনের মাধ্যমে বর্তমানে তারা বিশ্বের উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারবে।”

চবির ৯ জন শিক্ষার্থীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউক অফ এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কো-অর্ডিনেটর ও ফার্মেসী বিভাগের সহকারী অধ‍্যাপক নওরীন মনির প্রমা।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয় এর শিক্ষক অধ্যাপক ড. নুসরাত জাহান কাজল, দ্যা ডিউক অফ এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের ট্রাস্টি বোর্ড এর চেয়ারম‍্যান জনাব রিজওয়ান বিন ফারুক, সম্মানিত সেক্রেটারি মির্জা সালমান ইস্পাহানী এবং ট্রেজারার তালিতা চৌধুরীসহ অনেকে।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ব্রিটিশ রাজ পরিবারের দ্বারা পরিচালিত। এর যাত্রা শুরু ১৯৫৬ সালে প্রিন্স ফিলিপের হাত ধরে। বর্তমানে ১৪৪টির বেশি দেশে এই অ্যাওয়ার্ডের কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মাধ্যমে বিশ্বে তরুণদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব, উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী এবং সামাজিক কাজে দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তরুণরা নিজ দেশে কাজ করার পাশাপাশি বিশ্বের মাঝে নিজ দেশকে পরিচিত করার সুযোগ পায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.