নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। গতকাল রবিবার প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১৮ জন সদস্যের মধ্যে পাঁচজনকে বাদ দেওয়া হচ্ছে। আগামী সিন্ডিকেটসভায় তারা উপস্থিত থাকবেন না।
সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘ডাকসু নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি, কারণ শিক্ষার্থীদের মতামত আমাদের জানতে বেশ বেগ পেতে হয়। ডাকসু নির্বাচন হলে এই প্রক্রিয়া আমাদের জন্য আরো সহজ হবে। তবে এখানে বেশ কিছু সমস্যা আছে। ডাকসুর রিফর্মেশনের প্রয়োজন আছে।
তার গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। ডাকসুতে ভিসির থাকা না থাকা নিয়েও কথা উঠছে। স্লোগান দেওয়া যাবে না, পোস্টার লাগানো যাবে না ইত্যাদি বিভিন্ন কথাবার্তা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকেও। তবে সব প্রতিবন্ধকতা ছাড়িয়ে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির শুরুর দিকেই ডাকসু নির্বাচন আয়োজন করার কথা ভাবা হচ্ছে।
ফেব্রুয়ারির প্রথম দিকে না হলেও ফেব্রুয়ারির মধ্যেই আয়োজন করার কথা ভাবা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ জন সিন্ডিকেট সদস্যের মধ্যে ডিন, প্রভোস্ট, প্রভাষক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যরা আর সেসব ক্যাটাগরির প্রতিনিধিত্ব করেন না বলে পরবর্তী মিটিং থেকে তারা আর আমন্ত্রণ পাবেন না ।
বাদ যাওয়া পাঁচজন সদস্য হলেন সহকারী অধ্যাপক ক্যাটাগরি থেকে মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ক্যাটাগরি থেকে মাহিন মুহিত, সহযোগী অধ্যাপক ক্যাটাগরি থেকে আবু মুহাম্মদ আহসান, ডিন ক্যাটাগরি থেকে আব্দুস ছামাদ এবং প্রভোস্ট ক্যাটাগরি থেকে ড. মাসুদুর রহমান।
প্রক্টর সাইফুদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা এটি বিজ্ঞ আইনজীবীদের বডি ল রিভিউ কমিটির কাছে পাঠাই।
এই কমিটির সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী নাইম আহমেদ, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ও অ্যাডভোকেট ইমাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আমাদের দুটি পরামর্শ দিয়েছেন।
৪ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো রেল স্টেশন : এদিকে আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমাদের কথা হয়েছে। সারা দেশে বাড়তি নিরাপত্তাসহ ল অ্যান্ড অর্ডার মেইনটেন্যান্সের লক্ষ্যে ওই চার দিন ঢাবি মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরো বলেন, সারা দেশের জন্য এই ধরনের বাড়তি নিরাপত্তা এবং পরিবেশ সুন্দর রাখার জন্য মিটিং করা হয়েছে। সেখানে ঢাবির পরিবেশকে বাড়তি প্রায়োরিটি দেওয়া হয়েছে।
টিএসসিতে সন্ধ্যা ৬টার পর মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও এর আশপাশের এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে স্পিকার ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে ইস্যুকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।
শিক্ষাবার্তা /এ/০৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
