ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘গুচ্ছপদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকৃবি। ক্ষতির সম্মুখীন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এতে ক্ষুব্ধ। তাই আগামী ভর্তি পরীক্ষায় গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে বাকৃবি এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইউজিসি ও শিক্ষাসচিব মহোদয়ের হস্তক্ষেপ কামনা করবে।’
আজ শুক্রবার দুপুরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাকৃবি উপাচার্য এসব কথা বলেন।
‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল অনুষদ, করিম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ মোট ২০টি অঞ্চলে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
আজ সকাল ১১ টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়ে তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একযোগে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মধ্যে বাকৃবিতে আসন ছিল ১২ হাজার ৬৩৪ জন, যা সর্বোচ্চ।
ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পরপরই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান বাকৃবি উপাচার্য অধ্যাপক ড.এ কে ফজলুল হক ভূঁইয়াসহ বাকৃবি প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট এবং ময়মনসিংহ জেলা পুলিশ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
