মাদারীপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে বলে মন্তব্য করেছেন সমন্বয়ক সারজিস আলম। আজ শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনে মাদারীপুরে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা।
এ সময় তাদের উদ্দেশে সারজিস বলেন, ‘রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে। তবে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে।’
সারজিস আরো বলেন, ‘৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদেরকে আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই সমন্বয়ক বলেন, ‘১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙ্গে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিবেধ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এজন্য সবাইকে এক থাকতে হবে।
মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটাপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না। ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
