নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে ‘অনশন’ কর্মসূচি শুরু করেছেন চাকরিপ্রত্যাশীরা। এর আগে সোমবার (২১ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে বেলা ১২টা থেকে তারা অবস্থান নেন। এরপর বিকাল থেকে অনশনের কথা জানান আন্দোলনকারীদের ‘অন্যতম মুখপাত্র’ রুমান কবির।
পরে সন্ধ্যায় তিনি বলেন, আমরা এখনও শাহবাগে, বিকাল থেকে গণঅনশনের ঘোষণা দিয়েছি। এখানে প্রায় ২০০/২৫০ জন অবস্থান করছি।যতক্ষণ অফিসিয়াল ঘোষণা না আসছে, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব।
অনশন শুরুর আগে রুমান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন চেয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরব। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।
‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীদের আরেকজন মো. জনি বলেন, আমরা আজকের ভেতর ৩৫ এর প্রজ্ঞাপন চাই। এর চেয়ে কম হলে আমরা কেউই মেনে নেব না। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা ১২টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ব্যানার প্ল্যাকার্ড হাতে দুপুরে বিভিন্ন স্লোগান দেন।
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন ৩০ বছর। এটি ৩৫ করার দাবিতে কয়েক বছর ধরেই নিয়মিত কর্মসূচি পালন হচ্ছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেই দাবি একাধিকবার নাকচ করে দেয়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই দাবি ফের জোরাল হলে ৩০ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী চাকরিতে প্রবেশে পুরুষের বয়সসীমা ৩৫ বছর ও নারীর ৩৭ বছর করার সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছেন। গত ১৪ অক্টোবর তিনি বলেন, সরকারি চাকরির বয়সের ব্যাপারে আলোচনা করে এখন সরকার সিদ্ধান্ত নেবে। মহিলারা যেন সুযোগটা বেশি পায়, সেজন্য বয়স ৩৭ দেওয়া হয়েছে; পার্শ্ববর্তী দেশেও তা আছে। আর সবার জন্য ৩৫ সুপারিশ করা হয়েছে। তবে (বয়সসীমা) কোনো গ্রেডের জন্য আলাদাভাবে বলা হয়নি, সার্বিকভাবে সব সরকারি চাকরির বিষয়ে বলা হয়েছে। ওই সুপারিশের পর সরকারের পক্ষ থেকে বয়স বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
