লক্ষ্মীপুরে মাদকাসক্ত প্রধান শিক্ষকের পুর্নবহাল আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর: অর্থ আত্মসাৎ ও মাদক সেবনের দায়ে অভিযুক্ত বহিষ্কৃত সাইফ উদ্দিনকে লক্ষ্মীপুরের নুরুল্যাপুর আঞ্জমান আরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পুর্নবহাল আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চরশাহী এলাকায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মাদকাসক্ত সাইফ উদ্দিনের পুর্নবহাল আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফ উদ্দিন একজন মাদকাসক্ত। তার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়। তিনি প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন বিদ্যালয়ের সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ৪ মার্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাইফ উদ্দিনের বিরুদ্ধে লক্ষ্মীপুরে জজ আদালতে মামলা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। ওই মামলায় তিনি ১ মাস কারাবরণের পর জামিনে আসেন।

এর আগে অনিয়মের অভিযোগে সাইফুল ইসলামকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে চূড়ান্ত বরখাস্তের জন্য আপিল অ্যান্ড আরবিটিশন বোর্ড কুমিল্লায় আবেদন করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদ। অবশ্য ওই সময় তিনি নিজেও স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দেন। ২০২২ সালের ১৩ জানুয়ারি আপিল অ্যান্ড আরবিটিশন বোর্ড সাইফ উদ্দিনকে প্রধান শিক্ষককের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের আদেশ দেন। কিন্তু সাইফ উদ্দিন ওই বছরের ২৫ জানুয়ারি আরবিটিশন বোর্ডের বহিষ্কার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে উচ্চ আদালত বহিষ্কার আদেশ স্থগতিতে আদেশ দেন। ওই আদেশের ভিক্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রধান শিক্ষক পদে তাকে পুর্নবহালের আদেশ দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সাবেক প্রধান শিক্ষক একজন মাদকাসক্ত। তাছাড়া তিনি বিদ্যালয়ের অর্থ লোপাট করেছেন। এমন শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিক্ষাগ্রহণ করবে? এতে বিদ্যালয়ের উন্নতির চেয়ে অবনতি বেশি হবে। তাই অনতিবিলম্বে মাদকাসক্ত সাইফ উদ্দিনের পুর্নবহালের আদেশ প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

অন্যথায় ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.