রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ না করেই ফার্স্ট ক্লাস পেয়েছেন এক নারী শিক্ষার্থী। রবিবার (২০ অক্টোবর) বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে বিভাগে চাঞ্চল্য সৃষ্টি হয়।
বিভাগ সূত্র জানায়, ২৬ মে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু এবং ৬ জুন শেষ হয়। ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাদিয়া আফরোজ মারিয়া নামের এক শিক্ষার্থী জিপিএ ৩.৫০ পেয়েছেন। যিনি কিনা পরীক্ষায় অংশগ্রহণই করেননি।
জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া গর্ভধারণজনিত কারণে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায়ই অংশগ্রহণ করেননি। অর্থাৎ তিনি দ্বিতীয় বর্ষের গণ্ডিই পেরোতেই পারেননি। ফলে তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষাতেও অংশ নেননি।
এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মাতৃত্বকালীন অসুস্থতার জন্য দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। তাই আমি এখনো তৃতীয় বর্ষে উঠতে পারিনি। বর্তমানে আমি ২০২১-২২ শিক্ষাবর্ষের সঙ্গে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত আছি। কিছুদিন পর পরীক্ষা দেব।কিন্তু আজকে রেজাল্টের বিষয়টি জেনে খুব অবাক হয়েছি।’
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। পরীক্ষা কমিটির তিনজন টেবুলেটর (পরীক্ষা কমিটির সদস্য) ছিলেন। মূলত তাদের গাফিলতির কারণেই এই ভুলটি হয়েছে। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে।এটি সংশোধনের জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি।’
পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, ‘এটা আসলে ভুল হয়ে গেছে। মূলত একই রোল নম্বরের পুনঃ ভর্তির (পূর্ববর্তী শিক্ষাবর্ষ) এক শিক্ষার্থী থাকায় কোনোভাবে ওই শিক্ষার্থীর নামটি যুক্ত হয়ে গেছে। যা কোনোভাবেই উচিত হয়নি। তবে এটি সংশোধনের সুযোগ আছে। আমরা সেটি নিয়ে কাজ করছি।’
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
