নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ-সংক্রান্ত কমিটির প্রস্তাব পর্যালোচনা করে সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজওয়ানা হাসান বলেন, চাকরির প্রবেশের বয়স বৃদ্ধি-সংক্রান্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে পর্যালোচনা হয়েছে। বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে গত সোমবার (১৪ অক্টোবর) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ এবং নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। প্রতিবেশী দেশের কথা তুলে ধরে ওই সময় কমিশনের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী জানিয়েছিলেন, নারীদের বয়সসীমা ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে যাতে তারা আরও বেশি সুযোগ পান।
তিনি বলেছিলেন, উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হবে। এ বিষয়ে আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেবে। তবে অবসরের বয়সের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সরকার পরে বিবেচনা করবে।
সংবাদ সম্মেলনে রিজওয়ানা হাসান আরও বলেন, রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কমিশন হলো- স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারী বিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
