পাবনাঃ পাবনার ঈশ্বরদীতে মাধ্যমিক স্কুল পর্যায়ে গ্রীষ্মকালীন কাবাডি খেলা প্রতিযোগিতা নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত সংঘর্ষ, উপজেলা পরিষদে হামলা ভাঙচুর ও ইউএনওসহ ১০ জন আহত হওয়ার সেই ঘটনায় উপজেলার দুই স্কুলের ৩ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন- উপজেলার সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম, রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা কামাল ও একই স্কুলের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কাবাডি খেলা নিয়ে ঈশ্বরদীর দুই স্কুলের ছাত্রদের মধ্যে তর্কাতর্কি থেকে মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কম্পিউটার অপারেটর রবিউল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। পুলিশ চাকুসহ শিশির আহমেদ নামের একজন কলেজ শিক্ষার্থীকে আটক করেছে।
উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাশ জানান, দুই স্কুলের ছাত্রদের মধ্যে সংঘটিত বাগবিতন্ডার সময় উল্লেখিত ৩ শিক্ষক নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হন। এতে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের শিক্ষকদের পক্ষে অবস্থান নিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শত শত ছাত্র-ছাত্রী। এতে উত্তেজনা ও সংঘর্ষের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও পিআইও কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
