কক্সবাজারঃ কক্সবাজারের পেকুয়ায় টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুলের শিক্ষার্থীরা। এতে অংশ নেয় স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের একটি অংশ। স্কুলের নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে ২ সেপ্টেম্বর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাবরাবর লিখিত অভিযোগ দিয়েছে স্কুলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার টৈটং বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগপত্রে লেখা হয়েছে, টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম নানা অনিয়ম-দুর্নীতি করে কোটি টাকার মালিক হয়েছেন। তিনি অতিরিক্ত ক্লাসের টাকা আত্মসাৎ, করোনাকালে অ্যাসাইনমেন্টের নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ, প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে প্রাতিষ্ঠানিক বেতনবৈষম্য, শিক্ষক-কর্মচারীর সঙ্গে অশালীন ব্যবহার, বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ভর্তি বাবদ অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাৎ, ২০২৩ সালের প্রণোদনার ৫ লাখ টাকা উন্নয়ন কাজে না লাগিয়ে আত্মসাৎ, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত মাসিক ও পরীক্ষার ফি আদায়, কমিটির মাধ্যমে শিক্ষক হেনস্থা, এক দিনের অনুপস্থিতির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায়, শিক্ষকদের সময়মতো সম্মানি প্রদান না করা, ভাউচার বাণিজ্য, প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা, বিদ্যালয়ের ফান্ড থেকে ২ লাখ টাকার বিনিময়ে আজীবন সদস্য করানো, প্রতিষ্ঠানের বিভিন্ন খরচের হিসাব মাস শেষে না করা, শিক্ষক-কর্মচারীদের নিয়োগের থেকে এক বছর তিন মাস পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোনো সম্মানি না দেওয়া, স্কুল ছুটির পর অফিস খোলা রেখে কর্মচারীকে রাত ৯টা পর্যন্ত বসিয়ে রাখা, সরকারি ক্যাশ বইতে আয়ব্যয় সংরক্ষণ না করা।
মানববন্ধনে অষ্টম শ্রেণির ছাত্রী সামিয়া মির্জা বলে, ‘আমাদের প্রধান শিক্ষক স্কুলের ছাত্রীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা জানেন না। ছাত্রীদের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করেন তিনি। মেয়েদের অনেক ব্যক্তিগত সমস্যা থাকতে পারে সেগুলোয় তিনি হস্তক্ষেপ করেন। এ প্রধান শিক্ষকের শিক্ষকতা করার যোগ্যতা নেই। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। দ্রুত সময়ে তাকে পদত্যাগ করানো না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।’
প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসাইন বলেন, ‘আমাদের প্রাণের বিদ্যাপীঠ টৈটং উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম একজন দুর্নীতিবাজ শিক্ষক। তিনি নানা অনিয়ম-দুর্নীতি করে স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। আগামী সাত দিনের মধ্যে এ প্রতিবেদন প্রকাশ এবং দুর্নীতিবাজ প্রধান শিক্ষক পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
প্রধান শিক্ষক ফরিদুল আলম অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ‘এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এসবে জড়িত নই।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
