এইমাত্র পাওয়া

অধ্যাপক পর্যন্ত পদোন্নতি এবং বদলি চান আত্তীকৃত কলেজ শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আত্তীকৃত কলেজ শিক্ষকদের অধ্যাপক পর্যন্ত পদসোপান তৈরি করে পদোন্নতি দিয়ে বদলির ব্যবস্থা, বকেয়া বেতন-ভাতা দেয়া এবং স্থায়ীকরণের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের (বাসকশিপ) নেতারা।

বুধবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এসব দাবি জানান তারা।

মতবিনিময় সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা বলেন, সরকারের পরিকল্পনায় প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারীকরণ করা হলেও শিক্ষাখাতে তৎকালীন সীমাহীন দুর্নীতি শিক্ষক স্বার্থ বিরোধী, বৈষম্যমূলক আত্তীকরণ বিধিমালা ২০১৮-এর কালো বিধির কারণে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীরা সরকারি কলেজে চাকরি করেও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে ব্যাহত হচ্ছে সরকারি করা কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ।

সংগঠনটির দাবিগুলো হলো: ১. সরকারিকৃত কলেজে আত্তীকৃত শিক্ষকদের জন্য দ্রুত পদসোপান তৈরিসহ পদোন্নতির নীতিমালা প্রণয়ন করে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে এনাম কমিটির সুপারিশ অনুযাযী দ্রুত পদোন্নতি দিয়ে বদলি ব্যবস্থা চালু করা ও অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং নিয়োগ পাওয়া সব শিক্ষক-কর্মচারীদের দ্রুত সময়ে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করা। ২. টাইম স্কেল প্রাপ্ত /সপ্তম গ্রেডধারী শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও আর্থিক অবনমন রোধ করে বেসরকারি আমলে থাকা স্বীয় গ্রেডে, স্বীয় স্কেলের চলমান ধাপে বেতন-ভাতা চালু রাখা এবং শতভাগ চাকরিকাল গণনাসহ জ্যেষ্ঠতা নির্ধারণ করা। ৩. অবিলম্বে নন ক্যাডার রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড কম্পোজিশন তৈরি করে সে অনুযাযী নন ক্যাডার শূন্য পদের বিপরীতে পিএসসির মাধ্যমে নন ক্যাডার শিক্ষক নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণ করা এবং নন ক্যাডার শূন্যপদে ক্যাডার পদ থেকে অধ্যক্ষ-উপাধ্যক্ষ। সহকারী অধ্যাপক/প্রভাষকসহ কোনো পদে প্রেষণে কিংবা ডেপুটেশনে নিয়োগ না করা। ৪. বেসরকারি আমলে কর্মরত কোনো শিক্ষক-কর্মচারীকে প্যাটার্ন অথবা অন্য কোনো অজুহাতে বঞ্চিত না করা এবং অনার্স-মাস্টার্স পর্যায়ে নিয়োগপ্রাপ্ত সেমিনার সহকারী, সহায়ক, কম্পিউটার অপারেটর আত্তীকরণ করার ব্যবস্থা করা। ৫. প্রতিষ্ঠান সরকারীকরণের তারিখ থেকে কল্যাণ ট্রাস্টে এমপিও থেকে কেটে রাখা অর্থ ফেরত দেয়া।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading