এইমাত্র পাওয়া

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

ঢাকাঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন তিনি।

সোমবার (৭ অক্টোবর জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান “দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)” ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে।

ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা “দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস” শিরোনামের এ তালিকায় স্থান পেয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. ইউনূস। তিনি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.