এইমাত্র পাওয়া

পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা, ইবিতে মানববন্ধন

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসী কায়দায় পাহাড়ীদের বাড়িতে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আদিবাসী শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ মানববন্ধন করেন।

এসময় ‘সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে’, ‘আলাদা দেশ চাই না, অধিকার চাই’, ‘জুমল্যান্ড প্রোপাগাণ্ডা বন্ধ চাই’, ‘পাহাড়ে ভূমি পুত্ররা মরছে কেন?’, ‘বিচ্ছিন্নতাবাদী নয়, সম্পৃক্ত হতে চাই’, ‘দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে তাঁরা উপস্থিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করলে, ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের অধিকার আদায়ে কথা বললে আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে উগ্রপন্থী কিছু সেটেলার বাহিনীর উস্কানিতে পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। যারা এসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতার আনার জন্য সরকারে প্রতি জোর দাবি জানাচ্ছি।’

বক্তারা আরও বলেন, ‘ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও পাহাড়ে কিছু সেটেলার বাহিনীর কারণে পাহাড়ে শান্তিপ্রিয় পাহাড়ি ও বাঙালি নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়েছে। আমরা চাই সংঘাত বন্ধ হোক! আমরা দেশে স্বাধীন ভাবে বাঁচতে চাই।

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.