শিক্ষার্থীদের আন্দোলনে যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ড. মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিরতা বিরাজমান এবং পুনরায় প্রশাসনিক স্থবিরতার কারণে আবারও সেশনজট হওয়ার অবস্থা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায়, আমার পক্ষে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। আমার ওপর অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করছি।

এর আগে ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ তার অনুসারীদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে গত ৩ দিনে যবিপ্রবির ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট বডি, পরিবহন প্রশাসক, উপাচার্যের একান্ত সচিব, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও আইসিটি সেলের পরিচালক পদত্যাগ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.