এইমাত্র পাওয়া

ছাত্রলীগের রুমে মিললো বিপুল দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য

এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল মদের বোতল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ২ টায় হল প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

হাসিনা সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করতে থাকেন। সারাদেশের ন্যায় নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারারসহ কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেন। কিন্তু উপাচার্য পদত্যাগের পূর্বে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত না করেই ১২ আগস্ট আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়।

এদিকে চলতি মাসেই আওয়ামীলীগ সরকার পতনের পর হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেন। ফলে হলের কক্ষে অস্ত্র রয়েছে এমন সন্দেহে হল প্রশাসনের কাছে অভিযানের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে হলের আবাসিক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয় । অভিযানে হলের কক্ষ থেকে রামদা, ছুরি, লোহার পাইপ, মদের খালি বোতল ও মাদক সেবনে ব্যবহার্য বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সহকারী প্রক্টর ফিরোজ সরকারের উপস্থিতিতে প্রক্টোরিয়াল বডির নিকট হস্তান্তর করা হয়।

হলের আবাসিক শিক্ষক জুয়েল মোল্লা জানান, সন্দেহজনক রুমগুলোতে হল প্রশাসন, প্রক্টোরিয়াল বডি, সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অভিযান চালানো হয় এবং ভিডিও ধারণ করা হয়। শিক্ষা কার্যক্রমের সাথে সাংঘর্ষিক সকল উপকরণ জব্দ করা হয় এবং এই জব্দকৃত উপকরণ গুলো নিয়ম অনুযায়ী প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.