এইমাত্র পাওয়া

ফাইয়াজকে দড়ি দিয়ে বাঁধা ভুল ছিল: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

কিশোর ফাইয়াজের হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করায় শিশু আইনের ব্যত্যয় হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নেওয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মো. মোরসেদ।

কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে রবিবার হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে এ তথ্য জানানো হয়। পরে আদালত ফাইয়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে শিশুটিকে বাবা-মায়ের হেফাজতে দিতে বলেন আদালত। পরে নিম্ন আদালত কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল করেন।

জন্ম নিবন্ধন অনুসারে, হাসনাতুল ইসলাম ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এ শিক্ষার্থী।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.