নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, পরবর্তী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ১০৮ মিলিমিটার।
এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে নিকলিতে ৯৬, রাঙ্গামাটিতে ৯৫, মোংলায় ৮৭, মাদারীপুরে ৮৩, হবিগঞ্জে ৮২, কক্সাবাজারে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
