নিজস্ব প্রতিবেদক।।
ঈদের দুদিন আগে ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া, আবার স্থান পেলেও মনমতো পদ না হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৫টার আগে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।
এ ঘটনার পর কমিটির পক্ষে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে। রাকিবুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা সরকারি এজেন্সির কাজ। এখন তারাই ছড়াবে এটা ছাত্রদলের পদবঞ্চিতদের কাজ। কেউ পদবঞ্চিত হলে তো সামনে আসবে। টোকাই দিয়ে কেন ককটেল বিস্ফোরণ ঘটাবে?’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া গণমাধ্যমকে বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কে বা কারা পরপর কয়েকটি ককটেল ছুড়ে মেরেছে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, ককটেল বিস্ফোরণে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/জামান/২৬/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
