নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা।
মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বদলি- প্রত্যাশী শিক্ষকরা বলেন, মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শতশত কিলোমিটার দূরে মানবেতর জীবন যাপন করছেন। পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার পদ ফাঁকা থাকলেও ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই।
শিক্ষকরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলির উদ্যোগ ভেস্তে যাওয়ায় আমরা হতাশ। এত অল্প বেতনে শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে মানবেতরভাবে জীবনযাপন করছেন। পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। সরকার বদলির উদ্যোগ নিলেও কয়েক কর্মকর্তার বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার পদ ফাঁকা থাকলেও ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ নেই। এ অবস্থায় আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই।
তারা আরও বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তির আগে হুট করে শিক্ষক নীতিমালার ৭ নম্বর ধারা বাতিল করে দেওয়া হয়। এর ফলে ইনডেক্সধারীদের নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনের মুখে এনটিআরসিএর কর্তাব্যক্তিরা বদলির আশা দেখালেও তা পূরণ হয়নি। আমরা নিজ বাড়ির কাছে যেতে চাই। স্ত্রী-সন্তানদের ছেড়ে থাকার ব্যথা কেউ বোঝে না। আমাদের দাবি আমাদেরই আদায় করতে হবে।
তাই বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটির সদস্যরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
