সুনামগঞ্জ: জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদীর পানি মঙ্গলবার (১৮ জুন) সকাল পর্যন্ত ছাতক পয়েন্টে ১৩৭ এবং শহরের নবীনগর পয়েন্টে ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে উজান থেকে আসা ঢলে ভাসছে সুনামগঞ্জ পৌর শহর। বন্যা কবলিত জেলার সদর উপজেলা, বিশ্বম্ভপুর, দোয়ারা বাজার, ছাতক, শান্তিগঞ্জসহ অন্তত ৫ উপজেলার নিম্নাঞ্চলের মানুষ।
আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ। বাসাবাড়ি পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে বানভাসি মানুষজন। অন্য জায়গায় আশ্রয়ের খোঁজে বন্যার্ত মানুষজন।
স্থানীয়রা জানিয়েছে, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে মানবিক বিপর্যয় নেমে ২০২২ সালের বন্যার ভয়াবহ পরিস্থিতি রূপ নিতে পারে। তাই এই মুহূর্তে সরকারি-বেসরকারি সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে বানভাসি মানুষের আশ্রয়ের জন্য স্ব স্ব এলাকার আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যার্তদের জন্য জিয়ার চাল, শুকনো খাবার ও নগদ অর্থ সহযোগিতা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ভারী বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন এ বৃষ্টি আরও বাড়বে। ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
সরদার উদয় রায়হান জানান, সুরমা নদীর সুনামগঞ্জ ও কানাইঘাট পয়েন্ট এবং সারি নদের সারি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীতে পানি বেড়ে গেছে। সেখানকার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালী, মনু-খোয়াই নদ–নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে এবং কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ওই পূর্বাভাসে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বাড়তে পারে। গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বেড়ে যাচ্ছে। এ বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/৩০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
