শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউক্ল্যান) সঙ্গে অংশীদারি করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। মূলত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশের বাইরে না গিয়েই সাশ্রয়ী খরচে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে দুটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।
সম্প্রতি (১ জুন) রাজধানীর গুলশানের ইউসিবি ক্যাম্পাসে একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরস বব কুন্দানমাল এবং ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের সহ–উপাচার্য ক্যাথেরিন জ্যাকসন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী শামসুন নাহার, ইউসিবির পরিচালক জারিফ মুনির এবং এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল।
এ উদ্যোগের প্রশংসা করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শুধু দেশেই নয়, পাশাপাশি বৈশ্বিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী দক্ষতায় আমাদের তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কর্মশক্তিকে সমৃদ্ধ করার ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে। ইউসিবি ও ইউক্ল্যানের মধ্যে অংশীদারত্ব বৈশ্বিক শিক্ষার প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। খাতসংশ্লিষ্ট অন্যদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত।’
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘বর্তমানে বৈশ্বিকভাবে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী দেশের বাইরে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনে উচ্চশিক্ষা গ্রহণ করছে, ভবিষ্যতের ক্যারিয়ার গঠন করছে। যুক্তরাজ্যের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতে নিবেদিতভাবে কাজ করছে এবং বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে কাজ করছে।’
ইউসিবির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরস বব কুন্দানমাল বলেন, ‘ইউসিবিতে ইউক্ল্যান প্রোগ্রাম একাডেমিক সাফল্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের চমৎকার সমন্বয়ের প্রতিনিধিত্ব করে। ইউসিবিতে আমরা রূপান্তরমূলক শিক্ষার সুযোগের মাধ্যমে পরবর্তী প্রজন্মের নেতৃত্ব ও উদ্ভাবক তৈরি এবং তাদের পরিচর্যায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’
ইউসিবিতে নতুন এ প্রোগ্রাম চালু করার ফলে দেশের শিক্ষার্থীরা এখন দেশে থেকেই যুক্তরাজ্যের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ইউক্ল্যান প্রোগ্রাম এবং এ প্রোগ্রামে ভর্তি হওয়ার পদ্ধতি সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন এই লিংকে ।
অনুষ্ঠানে বক্তাদের স্বাগত বক্তব্যের পরই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন ইউসিবির ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
