নিজস্ব প্রতিবেদক, বাকৃবি: প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি আগামী ২৫ থেকে ২৭ জুন অর্ধদিবস ও ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। এরপরও দাবি আদায় না হলে পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।
সোমবার (১০ জুন) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তানভীর রহমান এ ঘোষণা দেন।
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপারগ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু দাবি না মানলে এবং আন্দোলন চলমান থাকলে সেটা না হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
এসময় ড. তানভীর রহমান বলেন, এই প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম পিছিয়ে পড়বে এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্র সংকুচিত হবে। এটি আগামী দিনের তরুণ সমাজের স্বার্থরক্ষা তথা উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস ও জাতিকে মেধা শূন্য করার অপচেষ্টা। বাকৃবি শিক্ষক সমিতি এককভাবে ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এসময় বন্ধ থাকবে সব ধরনের ক্লাস-পরীক্ষা।
এতে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
