নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জিনিয়া চৌধুরী। এমন পরিচয় দিয়ে চুরি করতেন শিক্ষার্থীদের টাকা, মোবাইল, ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র। অবশেষে ধরা পড়েছেন ঐ ভুয়া ঢাবি ছাত্রী।
শনিবার (১ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ার সামনে চুরির সময় হাতেনাতে ধরা পড়েন জিনিয়া।
জানা গেছে, জিনিয়ার বাড়ি চট্টগ্রামে। হালিশহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। বাড়ি থেকে দুমাস আগে পালিয়ে চলে আসেন ঢাকায়। এরপর খুঁটি গাড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিজেকে পরিচয় দেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে। এই পরিচয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে শিক্ষার্থীর ব্যাগ, মোবাইল চুরি করেছেন।
শনিবার টিএসসির ক্যাফেটেরিয়ার সামনে চুরির সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টরিয়াল টিমের কাছে তুলে দেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী সাহাদাত হোসেন বলেন, গত ২৩ মে আমার স্ত্রীর ব্যাগ থেকে দেড় হাজার টাকা চুরি করেছে জিনিয়া। মেয়েদের ওয়াশরুমে সে একবার প্রবেশ করার পর ২ মিনিটে আর কাউকে ঢুকতে দেখা যায়নি। তবে তাকে জিজ্ঞেস করা হলে সে ক্যাম্পাসের পরিচয় দেওয়ায় তাকে খুব বেশি জোর করে চেক করতে পারিনি।
ঢাবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে এক শিক্ষার্থী বলেন, জিনিয়া টিএসসিতে মেয়েদের ওয়াশরুমে যায় এবং সুযোগ পেলে ছাত্রীদের ব্যাগ থেকে চুরি করে। এছাড়া ক্যাম্পাসের জার্নালিজম বিভাগের ২১-২২ সেশনের ছাত্রী এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। একপর্যায়ে তাদের বাসায় গিয়ে চুরি করত।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি, আমি অবগত নই। অভিযুক্তকে প্রোক্টরের হাতে তুলে দেওয়ার নামে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
