বই পড়ে পুরস্কার পেল তিন সহস্রাধিক শিক্ষার্থী

ঢাকা: বই পড়ে পুরস্কার পেয়েছে খুলনা মহানগরীর ৪৯টি স্কুলের ৩ হাজার ১২৬ শিক্ষার্থী। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির আওতায় শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রী চার ক্যাটেগরিতে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠক পুরস্কার পায়।

আয়োজকরা জানান, ২০২৩ শিক্ষাবর্ষে খুলনা মহানগরীর ৪৯টি স্কুলের প্রায় ৫ হাজার ৫০০ ছাত্রছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দেওয়ায় ৩ হাজার ১২৬ জন শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত হয়। শুক্রবার পুরস্কার বিতরণ উৎসবে ২ হাজার ২৩৬ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে এবং ৮৯০ জন শিক্ষার্থীর পক্ষে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারের বই স্পন্সর করছে গ্রামীণফোন লিমিটেড।

খুলনার বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে পুরস্কার বিতরণ উৎসবে অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব আবদুস সামাদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অলোক কুমার মৈত্র, গ্রামীণফোনের খুলনা রিজিওনাল হেড বুশরা মেহরিন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ, খুলনা পিটিআইর সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের খুলনা মহানগরের সাবেক সংগঠক হুমায়ুন কবির ববি।

সভাপতির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, বই স্বপ্ন দেখতে শেখায়। একটা জিনিসকে নানা আঙ্গিকে দেখার জন্য বই পড়তে হবে। আগামী দিনকে অর্থবহ করে তোলার জন্য বেশি বেশি বই পড়া উচিত।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.