নিজস্ব প্রতিবেদক।।
ক্লাসে ৭০ শতাংশ উপস্থিত থাকতে হবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এনসিটিবি সূত্র জানায়, প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাস হয়েছে। এখন তা এনসিটিবির বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় চূড়ান্ত হবে
জানতে চাইলে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত সংগ্রহ করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে এনসিসিসি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।
একজন শিক্ষার্থী ক্লাসে ৭০ শতাংশ কর্মদিবস উপস্থিত না হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে না বলেও প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ ক্ষেত্রে সব বিষয়ে শিক্ষকের সম্মিলিত আলোচনায় ছাড় দিতে পারবেন প্রধান শিক্ষক। দশম শ্রেণির পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্যও এ নিয়ম প্রযোজ্য হবে। একই সঙ্গে তিন বা তার বেশি বিষয়ে যদি কোনো শিক্ষার্থী বিকাশমান বা নিচের স্তরে থাকে, তাহলেও সে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না।
তবে কোনো শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তরণের জন্য বিবেচিত না হলেও সব শিক্ষার্থী বছর শেষে পারদর্শিতার ভিত্তিতে ট্রান্সক্রিপ্ট পাবে। একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণির রিপোর্ট কার্ডে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মতামত দেওয়ার সুযোগ থাকবে।
গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে।
ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে মোট ১০টি বিষয় রয়েছে। সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৯/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
