এইমাত্র পাওয়া

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার শুরু পহেলা জুন

জামাল উদ্দীন,বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির সাক্ষাৎকার শুরু হবে পহেলা জুন।

বৃহস্পতিবার (২৭ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটে ভর্তিচ্ছুদের প্রথম মেধা তালিকার সাক্ষাৎকার অনুষদ ভবনের চতুর্থ তলায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী পয়লা জুন থেকে ৩ জুন পর্যন্ত প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এতে মেধাক্রম অনুসারে ৩২০টি শূন্য আসনের বিপরীতে আসন পূর্ণ করা হবে। সাক্ষাৎকারে উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারের দিন হতে ৯ জুলাই পর্যন্ত অফিস চলাকালীন সময়ে প্রাপ্ত বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। পরে বিভাগীয় সভাপতি, ডিন ও হল প্রভোস্টের স্বাক্ষরসহ ফি পরিশোধ করে অ্যাকাডেমিক শাখায় জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

বিভাগ পরিবর্তন ইচ্ছুক শিক্ষার্থীরা ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর ভর্তিচ্ছুরা ১৪ ও ১৫ জুলাই সাক্ষাৎকার শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমাদান করে ১৬ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় মেধা তালিকা (www.iu.ac.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাক্ষাৎকারের সময় অংশগ্রহণকারীদের পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ সদ্য তোলা আট (৮) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম /২৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.