এইমাত্র পাওয়া

রাবি অধ্যাপক কানাইলাল রায় আর নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভাষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কানাইলাল রায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রবিবার (২৬ মে) ভোররাতে ক্যাম্পাস সংলগ্ন কাজলায় নিজ বাড়িতে তিনি দেহত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

অধ্যাপক রায় ১৯৪৪ সালে বর্তমান সাতক্ষীরা জেলার দেয়াড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগে সংস্কৃত বিষয়ে প্রভাষক হিসেবে যোগ দেন ও ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯৬ সালে তিনি পুরাণ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি দুই মেয়াদে ভাষা বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি অবসর গ্রহণের করেন। রাবিতে যোগদানের আগে তিনি কয়েক বছর পিরোজপুর সরকারি কলেজে অধ্যাপনা করেন।

ড. কানাইলাল রায় রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘরে রক্ষিত সংস্কৃত ভাষায় প্রাচীন পাণ্ডুলিপির দুই খণ্ড বর্ণনামূলক ক্যাটালগের সহ-প্রণেতাসহ প্রায় ৩০টি গ্রন্থের প্রণেতা। এসব গ্রন্থের অনেক কয়টি পাঠ্যপুস্তক। সম্প্রতি তিনি গবেষণায় ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪’ পদকে ভূষিত হন।

এই অধ্যাপকের মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কানাইলাল রায়ের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.