নিজস্ব প্রতিবেদক।।
পরীক্ষায় ভালো নম্বর পেলে খুশিই হন বাবা-মায়েরা। কিন্তু ভারতের গুজরাটের চতুর্থ শ্রেণীর এক ছাত্রের ক্ষেত্রে হলো উল্টোটাই।
কারণ তাদের সন্তানের প্রাপ্ত নম্বর মোট নম্বরের চেয়েও বেশি। ওই ছাত্রের পরীক্ষার রেজাল্ট ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
এর পরেই স্কুলটির পড়াশোনার মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সকলে। কী কারণে এই ত্রুটি তা খুঁজতে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে শুরু করা হয়েছে তদন্ত।
গুজরাটের ঝালড় তালুকার খরসানা গ্রামের একটি প্রাথমিক স্কুলের ছাত্র বংশীবেন মনীশভাই গুজরাটি ভাষা পরীক্ষায় ২০০তে পেয়েছে ২১১ এবং অঙ্কে পেয়েছে ২০০তে ২১২। বাড়িতে ফিরে নিজের বাবা-মাকে রেজাল্ট দেখাতেই এই গলদ ধরা পড়ে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই ভুল চোখে পড়া মাত্রই ওই ছাত্রের হাতে সংশোধিত রেজাল্ট তুলে দেয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সে গুজরাটি ভাষায় পেয়েছে ১৯১ এবং অঙ্কে ১৯০।
ভাইরাল হওয়া রেজাল্টে দেখা যাচ্ছে গুজরাটি, হিন্দি, অঙ্ক, পরিবেশবিদ্যা এবং ইংরেজি সব বিষয়েই খুব ভালো ফল করেছে ওই ছাত্র। ইন্টারনেট।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৪/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
