এইমাত্র পাওয়া

আগে মানুষ হতে হবে: তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার সচিব হুমাযুন কবির খোন্দকার বলেছেন, চাকরি করা জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। বরং লক্ষ্য হওয়া উচিত ১০ জনকে চাকরি দেওয়ার।

আজ বুধবার সকালে (২২ মে) ঢাকাস্থ কার্যালয়ে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যোগে এ অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুমাযুন কবির খোন্দকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেগুলো অ্যাচিভ করতে হবে। এডুকেশন একটা পণ্য। যত ফিনিস গুডস হবে, ততো বেশি মার্কেটে ভ্যালু থাকবে। এখন তুমি তোমাকে কতটা ভ্যালুয়েবল করে তুলবে এটা তোমার বিষয়। এটা তোমার চয়েস।

তথ্য ও সম্প্রচার সচিব আরও বলেন, ছেলে মেয়েরা এখন ভাবে পৃথিবীটা একটা ভিলেজ। আমরা যখন পড়াশুনা করেছি আমরা কিন্তু এটা ভাবতে পারিনি সারা পৃথিবী আমার জন্য। ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ এটি তোমাদের জন্য। এটি আমাদের জন্য নয়। আমাদের অনেক ছেলে মেয়ে ইতোমধ্যে স্টার্টআপ পেয়েছে। সেখানে এক বিলিয়ন ডলার তারা আয় করেছে। টার্গেট ৫০ মিলিয়ন ডলারে উন্নীত করা। ৬ লাখ স্টার্টআপ তৈরি করা আমাদের লক্ষ্য।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি চাকরি করবো চাকরি করবো, চাকরি করা জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। লক্ষ্য হওয়া উচিত ১০জনকে আমি চাকরি দিবো।’

ফোরামের সভাপতি ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফোরামের সেক্রেটারি ও ইআরডির অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন, এনবিআরের সদস্য এএফএম আরিফ, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক বেলাল হোসাইন চৌধুরী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. মো. কফিল উদ্দিন, চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল হক প্রমুখ।

নোয়াখালীর হৃত গৌরব পুন:উদ্ধারের আহ্বান জানিয়ে সভাপতির বক্তৃতায় ড. বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অর্জনে পরিশ্রমী ও আগামী বিশ্বের নেতৃত্বদানের উপযোগী করে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২২/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.