এইমাত্র পাওয়া

শিক্ষকের গলায় জুতার মালা

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে মারধর ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে ওই ছাত্রীর স্বজন ও এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার প্রণব কুমার ভট্টাচার্য (৫৫) ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শ্লীলতাহানির অভিযোগে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর মা। আটক ওই শিক্ষক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠানীকোটা এলাকার বাসিন্দা। ২০০২ সালে ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।

জানা গেছে, গত মঙ্গলবার ডুমুরিয়া-রূদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির আট বছরের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রণব কুমারের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। এতে ওই ছাত্রীর স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্যকে মারধর করে। পরে ওই শিক্ষককে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ ওঠা ছাত্রীর মা বলেন, ‘শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ঘটনাটি সমাজের লোকজনকে জানিয়েছি। ঘটনার পরদিন থেকে আমার মেয়ে আর স্কুলে যাচ্ছে না। সে এখনো অসুস্থ এবং ভয়ের মধ্যে আছে।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মিতা দে বলেন, ‘ঘটনার দিন আমি জেলায় মিটিংয়ে ছিলাম। ছাত্রীর অভিভাবকরা লিখিতভাবে বিষয়টি শিক্ষা অফিসে জানিয়েছেন। আমরা মনে করেছিলাম বিষয়টি নিয়ে আমাদের ডাকা হবে। কিন্তু ডাকার আগেই অভিভাবকসহ এলাকার লোকজন স্কুলে এসে সবার সামনে শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করেন।’

গতকালের ঘটনার পরপরই বিদ্যালয়টি পরিদর্শনে যান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য। এ সময় তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করতে অফিস থেকে আমাদের পাঠানো হয়েছে। আমরা শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য নিয়েছি।’

শিক্ষাবার্তা ডট কম/জামান/২১/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.