বেসরকারি মেডিকেলে নতুন করে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।।

দেশের বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে নতুন করে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন দেশি এবং বিদেশি শিক্ষার্থীরা। চলতি সপ্তাহে ভর্তির আবেদনগ্রহণের পোর্টাল চালু করা হবে। এছাড়া সরকারি মেডিকেলে বিদেশি কোটায় শিক্ষার্থী ভর্তির আবেদনও নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির পোর্টাল পুনরায় খুলে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে আবেদন জানিয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে বেসরকারি মেডিকেলে ভর্তির পোর্টাল পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল কলেজ) ডা. উপল সীজার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিপিএমসিএ’র আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আবেদনের পোর্টাল চালুর অনুমতি দিয়েছে। আজ রোববার থেকে বেসরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া চলতি সপ্তাহ থেকে দেশি শিক্ষার্থীদেরও আবেদনগ্রহণ শুরু হবে।

‘বিদেশি শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্সির মাধ্যমে আমাদের দেশে পড়তে আসে। এসব এজেন্সিকে যে মেডিকেল কলেজগুলো বেশি কমিশন দেয় তারা তাদের ওখানে শিক্ষার্থীদের ভর্তি করায়। কমিশন কম দিলে শিক্ষার্থী ভর্তি করায় না। এটিও একটি কারণ হতে পারে।’—অধ্যাপক ডা. টিটো মিঞা, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে দেশি-বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কমেছে। সব মিলিয়ে এক হাজারের বেশি আসন ফাঁকাই রয়েছে। ফাঁকা আসনের সংখ্যা বেশি হওয়ায় ভর্তির পোর্টাল পুনরায় চালু করতে আবেদন করে বিপিএমসিএ। গত ১২ মে এ আবেদন করা হয়।

আবেদনে বলা হয়েছে, দেশের ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি ও বিদেশি ৬ হাজার ২০৮টি আসনের মধ্যে এখনো ১ হাজার ২০০-এর মতো আসন শূন্য রয়েছে। অনেক ভালো ভালো বেসরকারি মেডিকেল কলেজেও দেশি-বিদেশি এবং অসচ্ছল ও মেধাবী কোটায় আসন শূন্য রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১৯/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.