খুলনাযঃ জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আপন চাচাতো ভাইদের হাতে রসুল মিনা (৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে।
সোমবার (১৩ মে) রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রসুল মিনা ওই গ্রামের ইকতিয়ার মিনার ছেলে। তিনি পেশায় কৃষক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রূপসা উপজেলার বামনডাঙ্গা গ্রামের দুই চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর মধ্যে আগামী ২৯ মে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন বিষয় নিয়ে গত সোমবার রাতে মিনা বাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করা হচ্ছিল। এর এক পর্যায়ে রাত ১০টার দিকে আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে তর্ক শুরু হয়। পরে তারা বাড়ির পাশে বামনডাঙ্গা বাজারে হাতুড়ি লোহার রড়সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রসুল মিনা, আতাহার মিনা, জাহিদুল মিনা, পান্না মিনা, ফারুক মিনা, টুকু মিনা, শাকিল মিনা, হাবিব মিনা ও আলামিন মিনাসহ উভয় পক্ষের ৯/১০ জন আহত হয়। এরমধ্যে আহত রসুল মিনাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের খুমেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বামনডাঙ্গা গ্রামে রসুল মিনা নামে একজন চাচাতো ভাইদের হাতে নিহত হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
