জিপিএ-৫ পাওয়া মোহনা এখন শুধুই স্মৃতি

রাজশাহীঃ জেলার বাঘা উপজেলার নওটিকা গ্রামের মেয়ে মোবাশ্বিরা ইসলাম মোহনা। নওটিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। পরীক্ষা শেষে প্রায় দেড় মাস আগে এক অসুখে মোহনার অপারেশনের পর মারা যায় সে।

পরিবারের সদস্যরা তার স্মৃতি ভুলতে না পারলেও হয়তো শোক কাটিয়ে উঠছিলেন। তবে সেই শোক নতুন করে ফিরে এসেছে এসএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে।

গত রবিবার (১২ মে) এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা যায় মোহনা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এ খবর বাড়িতে পৌঁছানোর পর পুরো গ্রামে নতুন করে শোক নেমে এসেছে।

মোহনার পরিবারের দেওয়া তথ্য মতে, তার জিহ্বার নিচে ছোট্ট দানার দেখা দেয়। যা ক্রমেই বড় হচ্ছিল। অপারেশনের মাধ্যমে তা অপসারণের জন্য রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে গত ২০ মার্চ ভর্তি করা হয় মোহনাকে। অপারেশনের পর একটি ইনজেকশন দেওয়া হলে তার আর জ্ঞান ফেরেনি। ২১ মার্চ বিকালে জানাজা শেষে গ্রামের বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোহনার বাবা স্কুলশিক্ষক মহিরুল ইসলাম বলেন, লক্ষ্মী মা আমার হঠাৎ এক অপারেশনেই মারা গেল। ও শহরে ঘুরতে গিয়ে রাজশাহী কলেজ দেখে বলে, আব্বা আমি এ কলেজেই ভর্তি হব। আমি বলেছিলাম ১২শ এর ওপরে মার্ক লাগবে মা। ও উত্তরে বলেছিল, আব্বা আমি ১২শ ওপরেই মার্ক পাব, তুমি দেখে নিও।

তিনি বলেন, পরীক্ষার ফলাফলে ও সত্যি ১২শ নম্বরের ওপরে পেয়েছে। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওপারে ও যেন ভালো থাকে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.