এইমাত্র পাওয়া

২০ দিন আগে কুকুরের কামড়, জলাতঙ্কে শিক্ষার্থীর মৃ*ত্যু

কুড়িগ্রামঃ জেলায় ফুলবাড়ীতে ২০ দিন আগে পাগলা কুকুরে কামড়ে আহত শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার দুপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জলাতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃত শিক্ষার্থী উপজেলা সদরের চন্দ্রখানা মৌজার ভূতমারী গ্রামের নির্মাণ শ্রমিক জায়দুল হকের ছেলে মো. হাসান আলী। সে কুঠিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। মেধাবী ওই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার বন্ধু-বান্ধবসহ গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন।

মৃতের দাদি স্বপ্ন খাতুন জানান, ১৮-২০ দিন আগে সকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি কুকুর উপজেলার পানিমাছকুটি গ্রামে এসে সাধারণ কুকুরকে ধাওয়া দেয়। পথচারীরা দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। লোকজন কিছু বুঝে উঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এভাবে কামড়িয়ে ১১ জনকে আহত করে।

তিনি বলেন, আমার নাতি হাছান আলী (১৪) ফুলবাড়ী শিশুপার্কে বসেছিল। তখন পাগলা কুকুরটি মাঠের একটি ছাগলকে কামড়িয়ে আহত করে। তখন সে ছাগলটিকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাকে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে। সচেতনতার অভাবে ছেলেটির চিকিৎসাসেবা নিতে বিলম্ব হলে সে বেশি অসুস্থ হলে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শিক্ষার্থীর বন্ধু পারভেজ জামান জানায়, সে মেধাবী ও ভালো খেলোয়াড় ছিল। সঠিক চিকিৎসা না নেওয়ায় অকালে তার মৃত্যু হলো।

কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী জানান, হাছান আলী আমাদের বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল বলে শুনেছি। চিকিৎসা সঠিক হয়েছে কিনা জানি না। তবে আমি তার মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.