সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে গণঅনশন শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে চার দফা দাবিতে এ কর্মসূচি শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। দাবি নিয়ে আলোচনার জন্য এ সময় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।
তাদের চার দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা, অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা অবিলম্বে বাস্তবায়ন করা।
ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী জানান, গত সপ্তাহে প্রকাশিত ৪১তম বিসিএসের সার্কুলার প্রত্যাহার করতে হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে চাকরির বয়সসীমা নিয়ে যে ওয়াদা ছিল তা বাস্তবায়ন করে চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণ করে অবিলম্বে সার্কুলার দিতে হবে। এ ছাড়া বর্তমান ১ম ও ২য় শ্রেণির যে সব চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আবেদন ফি চাওয়া হয়; একজন বেকার শিক্ষার্থীদের পক্ষে এ ব্যয় বহন করা কষ্টকর হয়ে যায়। এজন্য পরীক্ষার ফি কমাতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
