স্পোর্টস ডেস্ক :
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন ও সাংস্কৃতি অনুষ্ঠান দেখতে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ডিসেম্বর (রোববার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, মোট ৮ হাজার দর্শকের জন্য টিকিট বিক্রি করছে বিসিবি। এর মধ্যে তিন হাজার টিকিট সৌজন্য হিসেবে বিভিন্ন ক্লাব, সাবেক ক্রিকেটার এবং সরকারি কর্তৃপক্ষের জন্য পাঠানো হবে। বাকি পাঁচ হাজার টিকিট বিসিবি সাধারণ দর্শকদের জন্য বিক্রি করা হবে।
তিনি বলেন, আমরা মাত্র ৮ হাজার দর্শকের জন্য এ অনুষ্ঠান আয়োজন করছি। আমরা মাঠে বড় মঞ্চ তৈরি করছি। যার কারণে দর্শকদের জন্য সব গ্যালারি খোলা রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের রকস্টার জেমসের পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করবেন মমতাজ। পাশাপাশি বলিউড অভিনেতা সালমান খান, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কণ্ঠশিল্পী সনু নিগম এবং কৈলাশ খের অনুষ্ঠানে পারফর্ম করবেন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে এক হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, গুলশানের দ্য ওয়েস্টিন ঢাকা, বনানীর ফাহিম মিউজিক এবং গুলশানের ক্যাফে ইডেনে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে shohoz.com, paypoint.com.bd এবং gadgetbangla.com এ টিকিট পাওয়া যাবে।
বিপিএলের বিশেষ সংস্করণ বঙ্গবন্ধু বিপিএল ৮ ডিসেম্বর উদ্বোধন হলেও মাঠে খেলা গড়াবে ১১ ডিসেম্বর (বুধবার)। এবার মোট সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
