শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নতুন বছরে ক্লাস শুরুর ৩ মাস পার হলেও এখনও কাটেনি শিক্ষার্থী মূল্যায়নের ‘নৈপুণ্য’ অ্যাপের জটিলতা। বেশিরভাগ স্কুলের শিক্ষকেরাই এই অ্যাপে ঢুকতে পারছেন না। এখনও চূড়ান্ত হয়নি মূল্যায়ন পদ্ধতিও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, জটিলতা নিরসনে কাজ চলছে।
চলতি বছর মাধ্যমিকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। যা চালুর পর থেকেই প্রস্তুতির যথেষ্ট ঘাটতির কথা বলছেন শিক্ষা গবেষকেরা।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী, শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ফল শিক্ষকরা ‘নৈপুণ্য’ অ্যাপসে দেবে। বছর শেষে ওই অ্যাপের মাধ্যমেই শিক্ষার্থী মূল্যায়ন হবে। অথচ ৩ মাস পার হলেও অ্যাপের জটিলতাই কাটেনি।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেওয়ান তাহেরা আক্তার বলেন, ‘নৈপুণ্য’ অ্যাপসে ছেলেদের তথ্য ইনপুট দিয়েছি। তবে মূল্যায়নের ক্ষেত্রে কাজ চলছে বলে দেখাচ্ছে। সেগুলো ইনপুট দিতে পারছি না।
রাজধানীর বাইরের অবস্থা আরও শোচনীয়। ঢাকার বাইরের শিক্ষকের জানান, অ্যাপস পুরোপুরি চালু না হওয়ার তাঁদের জটিলতা বেড়েছে। মূল্যায়ন আদৌ হচ্ছে কিনা তাই বুঝতে পারছেন না তাঁরা। অনেকক্ষেত্রে অ্যাপসে ঢুকতে পারছেন না তাঁরা।
অভিভাবক নেতারা বলছেন, একদিকে অ্যাপস জটিলতা, অন্যদিকে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও তারা স্বচ্ছ ধারণা পাচ্ছেন না।
অভিভাবক নেতা আনোয়ার কবির ভূঁইয়া পুলক বলেন, আমরা অনেক উদ্বিগ্ন। আমাদের বাচ্চাদের কীভাবে মূল্যায়ন করা হচ্ছে আমরা তা জানিনা। স্কুল বা সরকারের তরফ থেকেও আমাদের বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।
এনসিটিবির চেয়ারম্যান বলছেন, সফটওয়্যারের জটিলতা দ্রুতই নিরসন হচ্ছে।
এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, যে স্কুল আমাদের কাছে সমস্যার কথা জানিয়েছে তা সাথে সাথেই ঠিক করে দেওয়া হচ্ছে। সমস্যা হলে আমাদের জানাতে হবে।
এদিকে, মূল্যায়ন পদ্ধতি ও ভুল-ত্রুটি চিহ্নিত করতে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন হলেও এখনও প্রতিবেদন জমা হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
