নিজস্ব প্রতিবেদক।।
আগামী অর্থবছরে শিক্ষাখাতে বাজেটের ১৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষা নিয়ে কাজ করা সহস্রাধিক বেসরকারি সংস্থার মোর্চা গণসাক্ষরতা অভিযান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
গত ৮ বছরের বাজেটের চিত্র তুলে ধরে গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষাখাতের বাজেট একই বৃত্তে আটকে আছে৷ যেখান থেকে বের হওয়া প্রয়োজন। এর বাইরে আমরা শিক্ষাখাতে বরাদ্দ দিতে পারছি না৷ যেটি পাওয়া যাচ্ছে সেটি কম, ব্যবহার করা হচ্ছে আরো কম। বাজেট দিলেই হবে না, ব্যবহারের যে সক্ষমতা সেখানে হাত দিতে হবে৷
“গত অর্থবছরে শিক্ষা খাতের ১১৮টি প্রকল্পে ২৯ হাজার ৭২৩ কোটি টাকা বরাদ্দ ছিল৷ রিভাইজ বাজেটে সেটা হয়েছে ১৭ হাজার ২৩৩ কোটি টাকা।”
চলতি অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে এই হার ১২ দশমিক ১ শতাংশ, এর আগের অর্থবছরে বরাদ্দ ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ৷
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ঘোষিত ইশতেহারের প্রসঙ্গ টেনে মোস্তাফিজুর বলেন, “শিক্ষাখাতে যথাযথ অর্থায়ন করাসহ শিক্ষকদের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল সেখানে৷ এগুলোর শতভাগ না পারলেও, ৬০-৮০ ভাগ পালন করা হলেও শিক্ষার নতুন চিত্র আমরা দেখতে পাব৷”
শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি অন্তত ৫০০ টাকা করা, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য দুপুরে টিফিনের ব্যবস্থা করা, শিক্ষকদের বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি তিনি তুলে ধরেন।
আলোচনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন৷
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৯.০৩.২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
